
একটি ফটোকার্ডে দুঃখ প্রকাশ করলেই সবকিছু ঠিক হয়ে যায় না বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা পরীমণি। একটি বেসরকারি টেলিভিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেছেন, ওই ঘটনার পর থেকে তার স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। মানসিক শান্তি নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কাজও।
১৭ অক্টোবর নিজের ফেসবুক স্ট্যাটাসে পরীমণি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু প্রকাশ করলেই নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হচ্ছে তাকে। এমনকি তার সন্তানদের ছবিতেও অসংখ্য বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে।
ওই টেলিভিশনের প্রকাশিত দুঃখ প্রকাশের ফটোকার্ড নিয়ে অসন্তোষ জানিয়ে অভিনেত্রী বলেন, সেটি কোনো কাজে আসছে না। তার স্বাভাবিক জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য সংশ্লিষ্ট টেলিভিশনকে দায়ী করেন তিনি।
পরীমণির ভাষ্য, পরিস্থিতির কারণে তার মানসিক শান্তি নষ্ট হয়েছে এবং পেশাগত কাজেও প্রভাব পড়ছে। এ অবস্থায় কী করবেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
অভিনেত্রীর অভিযোগ, সংশ্লিষ্ট টেলিভিশন অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছিল। তবে এখনো সেই উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি তিনি। কবে অপরাধীদের আইনের আওতায় আনা হবে, তা জানতে চেয়েছেন পরীমণি।
স্ট্যাটাসের শেষাংশে ক্ষোভ প্রকাশ করে পরীমণি বলেন, ‘আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’