
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরার ঘটনায় সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার-সংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী নিজের দপ্তরে ইশরাক হোসেনকে ডেকে পাঠান। সেখানে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সূত্রগুলো জানিয়েছে।
এর আগে শনিবার বিকেলে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন। এ সময় তাঁর ও তাঁর দেহরক্ষীদের আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
সমালোচনার মুখে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে ইশরাক দাবি করেন, মাদক কারবারিদের মারমুখী আচরণ ও সম্ভাব্য হামলার আশঙ্কায় আত্মরক্ষার্থে তিনি এবং তাঁর নিরাপত্তারক্ষীরা লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তাঁর দাবি, তিনি কোনো আইনবহির্ভূত কাজ করেননি।
এদিকে, ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম কেন্দ্রে সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম জানান, ওয়ারী বিভাগের উপকমিশনারের নেতৃত্বে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।