স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। এসব খবরকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেতা।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন।’ তিনি জানান, পরিবার নিয়ে ছড়ানো গুজবের কারণে তারা বিরক্ত। অথচ নিজেদের পরিবার ও কাজ নিয়ে তারা ভালো আছেন।
ওমর সানী বলেন, চলচ্চিত্রে দীর্ঘদিন কাজ করার পরও তাদের নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি চান, তাদের নিজেদের মতো থাকতে দেওয়া হোক। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করা হবে বলেও জানান তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে মৌসুমীকে বাসা থেকে বের করে দিয়েছেন। তবে ওমর সানী এই অভিযোগ অস্বীকার করে বলেন, যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই। তাঁর দাবি, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভিডিও কলে ছেলে ফারদিনকেও যুক্ত করেন ওমর সানী। ফারদিন জানান, প্রথমে খবরটি দেখে তাঁর হাসি পেলেও পরে সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। বিশেষ করে তাঁর মা-বাবাকে নিয়ে আলোচনা হওয়ায় তিনি ক্ষুব্ধ হন।
ফারদিন বলেন, তাঁকে নিয়ে কেউ মন্তব্য করে অর্থ উপার্জন করলে সেটি এক বিষয়, কিন্তু তাঁর পরিবার ও মাকে নিয়ে কথা বলা মেনে নেওয়া কঠিন। পরিবারের সদস্যরা বিভিন্ন দেশে থাকলেও প্রতিদিন গ্রুপ কলে কথা বলেন এবং একসঙ্গে সময় কাটানোর অনুভূতি ভাগাভাগি করেন বলেও জানান তিনি।
পরিবারকে নিয়ে ছড়ানো খবরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ফারদিন। তাঁর ভাষ্য অনুযায়ী, আইনজীবীদের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি মানহানির মামলা করার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।