আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলার পর জাতীয় দলকে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। দুই দশকের বেশি সময় ধরে আলবিসেলেস্তেদের হয়ে খেলার অভিজ্ঞতা, গর্ব ও আবেগের কথা তুলে ধরেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস প্রকাশিত একটি ভিডিওতে আর্জেন্টিনার জার্সিতে নিজের দীর্ঘ পথচলা নিয়ে কথা বলেন মেসি। ভিডিওতে তার বিদায়ের কিছু অপ্রকাশিত মুহূর্তও উঠে এসেছে।
নিজের তরুণ বয়সের মেসিকে কী পরামর্শ দিতেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপভোগ করো। সবকিছু আরও বেশি উপভোগ করো। সত্যি বলতে, ফুটবল দুনিয়ায় যা অর্জন করেছি, সেসবের সবটা হয়তো তখন বুঝতে পারিনি।’
জাতীয় দলের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর স্মৃতিচারণা করে মেসি বলেন, ‘এখানে আসতে আমার খুব ভালো লাগত। ২০ বছরের বেশি সময় কাটিয়েছি এখানে। তাই বিদায় নেওয়া সহজ নয়। এত বছর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর্জেন্টিনা।’
আর্জেন্টিনার জার্সি পরার অনুভূতি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এই জার্সি পরা এবং দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি হেরেছি, জিতেছি; কিন্তু এই জার্সি পরাটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব সময় সেভাবেই দেশের হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’
আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ারে রয়েছে নানা উত্থান-পতন। ব্যর্থতার হতাশা পেরিয়ে জাতীয় দলকে একাধিক বড় শিরোপা এনে দিয়েছেন তিনি। তার এই দীর্ঘ যাত্রায় যেমন ছিল কঠিন সময়, তেমনি ছিল সাফল্যের আনন্দ।
বিদায়ের মুহূর্তে মেসির বক্তব্যে ফুটে উঠেছে দেশের জার্সির প্রতি গভীর ভালোবাসা, জাতীয় দলের হয়ে খেলতে পারার গর্ব এবং দীর্ঘ পথচলায় পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা।