
জনপ্রিয় গায়ক প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ ঘোষণা দেন।
বিবৃতিতে জানানো হয়, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে প্রায় দশ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য দুজনই কৃতজ্ঞ বলে উল্লেখ করেন। পাশাপাশি একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় থাকবে বলেও জানান।
তাদের ভাষ্য, সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্য তৈরি হওয়ায় আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে বলে তারা উপলব্ধি করেছেন।
এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি জানিয়ে তারা বলেন, অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চান।
এ সময় তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ।
তাদের পাশে থাকা এবং ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন এই দুই তারকা।