
রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনার পর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আইনশৃঙ্খলা ও আর্থিক তদন্তকারী সংস্থার তৎপরতা দেখা যাচ্ছে।
এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কয়েকটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ফেসবুক লাইভে এসে হামলা নিয়ে বিভিন্ন অভিযোগ করেন তিনি।
পরে নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া মামলা করেন। মামলায় জমি দখল ও পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ আনা হয়। এতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনকে আসামি করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে বুধবার কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।