নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তারেক রহমানের গাড়িবহর নারায়ণগঞ্জের ওপর দিয়ে যাওয়ার সময় সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে সড়কের পাশে অবস্থান নেন। গাড়িবহর কাছে এলে তারা স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান। কয়েকটি স্থানে ফুল ছিটিয়ে ও পুষ্পবৃষ্টি করে তাকে স্বাগত জানানো হয়।
সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। গাড়িবহর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সড়কের পাশে উৎসুক মানুষের ভিড়ও বাড়ে।
এ সময় নারায়ণগঞ্জের বিএনপির সংসদ সদস্যরা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে তারেক রহমানকে স্বাগত জানান। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অভ্যর্থনায় অংশ নেন।
সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত দীর্ঘ পথজুড়ে স্লোগান, দলীয় পতাকা ও ফুলেল শুভেচ্ছায় মহাসড়কের বিভিন্ন অংশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, এক দিনের সফরে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়কপথে যাত্রা শুরু করে।