দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট আবেদনটি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি শুরু হওয়ার পর আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়।
আসিফ মাহমুদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, অবকাশকালীন বেঞ্চের শেষ কার্যদিবস হওয়ায় বেশ কয়েকটি মামলা কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এসব মামলা খারিজ করা হয়নি। নিয়মিত আদালতের কার্যক্রম শুরু হলে রিটটি নতুন বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
গত রোববার আসিফ মাহমুদ রিটটি করেন। এতে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের দেওয়া দুটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
রিটে দাবি করা হয়েছে, অনুসন্ধানের প্রাথমিক পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানিয়ে দুদকের ব্রিফিং দেওয়া হয়েছে। আবেদনকারীর মতে, এ ধরনের বক্তব্য দুদকের ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা-২০১১’ এবং সংবিধানে নাগরিকের মর্যাদা ও সুনাম সুরক্ষার বিধানের সঙ্গে সাংঘর্ষিক।