হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১০০টিরও বেশি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান শুরু হয়। বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের পর বিমানবন্দরে তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানিয়েছে, জব্দ করা স্বর্ণের মোট পরিমাণ, ওজন ও আনুমানিক মূল্য নির্ধারণের কাজ চলছে। একই সঙ্গে চালানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।