আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব মূল্যায়ন করায় মূল্যবান ধাতুটির দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৮ শতাংশ বেড়ে ৪ হাজার ২৯৫ দশমিক ২৬ ডলারে দাঁড়ায়। এর আগে বুধবারও স্বর্ণের দাম ০.৮ শতাংশ বেড়েছিল। তবে একই দিনে একপর্যায়ে দাম প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ১.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৩ দশমিক ৯০ ডলারে নেমেছে।
বাজার বিশ্লেষক কেলভিন ওংয়ের মতে, তেলের দামের গতিবিধি স্বর্ণের বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তেলের দাম কমতে থাকলে মধ্যমেয়াদে স্বর্ণের দাম বাড়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এর আগে স্বর্ণের দাম নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে।
এদিকে স্পট মার্কেটে রুপার দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৭৩ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১.৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮৩ দশমিক ৫৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.২ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৬ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।