লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। যোগ করা সময়ে গোল করে ন্যাশভিল এসসি ২-২ গোলে ড্র আদায় করে নেয়।
ম্যাচের ১৯তম মিনিটে মেসির নেওয়া কর্নার ন্যাশভিলের এক ডিফেন্ডারের মাথায় লেগে নিজেদের জালে ঢুকে গেলে সমতায় ফেরে মায়ামি। দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে রদ্রিগো দে পলের সঙ্গে বল আদান-প্রদান করে প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ের শটে মায়ামিকে এগিয়ে দেন মেসি।
এরপর মেসি আরও কয়েকবার গোলের সুযোগ পেলেও ন্যাশভিলের গোলরক্ষক ও রক্ষণভাগ বাধা হয়ে দাঁড়ায়। তার একটি শট ক্রসবার ও আরেকটি পোস্টে লাগে।
ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে স্যাম সারিজ গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান। এর আগে ম্যাচের চতুর্থ মিনিটেও গোল করেছিলেন তিনি।
এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে ন্যাশভিলের সঙ্গে মায়ামির ব্যবধান ৯ পয়েন্টে দাঁড়িয়েছে। চলতি মৌসুমে ন্যাশভিলের বিপক্ষে চার ম্যাচে এখনো জয় পায়নি মায়ামি।