
ফুটবলে এতদিন শাস্তির প্রধান সংকেত ছিল হলুদ ও লাল কার্ড। এবার নতুন ধরনের ‘ব্ল্যাক কার্ড’ চালু করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। তবে খেলোয়াড়দের জন্য নয়, বয়সভিত্তিক ফুটবল ম্যাচে অভিভাবক ও দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণেই ব্যবহার হবে এই কার্ড।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রোমানিয়া ফুটবল ফেডারেশন জানায়, ৭ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের ম্যাচে গালাগালি, হুমকি, ধাক্কাধাক্কি, মারধর কিংবা আপত্তিকর আচরণের বিরুদ্ধে এই বিধান কার্যকর করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, প্রথমে রেফারি দর্শক ও অভিভাবকদের সতর্ক করবেন। কোচদের মাধ্যমেও আচরণ নিয়ন্ত্রণের আহ্বান জানানো হবে এবং মাইকে সতর্কবার্তা দেওয়া হবে। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করে দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো হবে।
খেলা পুনরায় শুরু হওয়ার পর একই ধরনের আচরণ চলতে থাকলে তৃতীয় সতর্কবার্তার পর রেফারি ব্ল্যাক কার্ড দেখাবেন। তখন ম্যাচটি স্থায়ীভাবে শেষ হয়ে যাবে এবং আর পুনরায় শুরু করা যাবে না।
নতুন বিধানের আওতায় শুধু গালাগালি নয়, শিশু খেলোয়াড়দের ধাক্কা বা মারধর, কোচিং স্টাফকে অপমান কিংবা শারীরিকভাবে লাঞ্ছিত করা, প্রতিপক্ষের খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে দুর্ব্যবহার এবং রেফারি ও ম্যাচ কর্মকর্তাদের অপমান বা শারীরিকভাবে আক্রমণের ঘটনাও পড়বে।
রোমানিয়া ফুটবল ফেডারেশনের মতে, শিশুদের জন্য ফুটবল আনন্দ ও সুস্থ বিকাশের জায়গা হওয়া উচিত। গ্যালারির প্রাপ্তবয়স্কদের আচরণ যখন সেই পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, তখন শিশুদের নিরাপত্তা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাই ম্যাচ চালিয়ে যাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।