শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ চিত্রগ্রাহক (ডিওপি) তার মুখের ওপর পড়ে যান। এতে নাকে গুরুতর আঘাত পান অভিনেত্রী। পরে তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন প্রিয়ন্তী উর্বী। ঘটনাটিকে ভয়ংকর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করলেও দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করেননি তিনি।
অভিনেত্রী জানান, শুটিংয়ের সময় তিনি হাসপাতালের বেডে শুয়ে ছিলেন। দৃশ্য অনুযায়ী, অন্যরা বেডটি টেনে তাকে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। ক্লোজ শট নেওয়ার জন্য চিত্রগ্রাহক বেডের ওপর উঠে তার মুখের সামনে ক্যামেরা স্থাপন করছিলেন।
মহাখালী ক্যানসার ইনস্টিটিউটে শুটিং চলাকালে বেডে ঝাঁকুনি লাগলে ভারসাম্য হারিয়ে ফেলেন চিত্রগ্রাহক। এ সময় ক্যামেরাসহ সরাসরি প্রিয়ন্তীর মুখের ওপর পড়ে যান তিনি। দুর্ঘটনার পর এক মুহূর্তের জন্য কিছু দেখতে ও কথা বলতে পারছিলেন না বলে জানান অভিনেত্রী। ব্যথাও ছিল অসহ্য।
পরে হাসপাতালে গিয়ে এক্স-রে করানো হয়। বর্তমানে ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক সেবন করছেন তিনি।
দুর্ঘটনা প্রসঙ্গে প্রিয়ন্তী বলেন, এতে কারও দোষ ছিল না। সবাই নিজের কাজ ঠিকভাবেই করছিলেন। এটি একটি দুর্ঘটনা। তবে দুর্ঘটনার পর যে ব্যথার মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটিও বাস্তব বলে উল্লেখ করেন তিনি।
আঘাতের পর তার নাক ফুলে গেলেও ভেঙে যায়নি বলে জানান প্রিয়ন্তী। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই অভিনেত্রী।
জানা গেছে, বর্তমানে ‘মনের মতো’ নাটকের শুটিং করছেন প্রিয়ন্তী উর্বী। রাসেল আজম পরিচালিত নাটকটিতে তার বিপরীতে অভিনয় করছেন আরশ খান।