আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের দশম মিনিটেই থামিয়ে দেওয়া হয় খেলা। বেনিনের বিপক্ষে মেসিকে সম্মান জানাতে ফিফার রেফারিরা ম্যাচটি কিছু সময়ের জন্য বন্ধ করেন। মুহূর্তেই মনুমেন্তাল স্টেডিয়াম পরিণত হয় আবেগঘন এক মঞ্চে।
ম্যাচের দশম মিনিটে ফিফার কর্মকর্তাদের নির্দেশে খেলা বন্ধ হলে প্রায় ৮৫ হাজার দর্শক মেসির সম্মানে দাঁড়িয়ে এক মিনিট করতালি দেন। পুরো স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে ‘ওলে, ওলে, ওলে’ স্লোগান।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সব প্রতিযোগিতায় ম্যাচের দশম মিনিটে খেলা থামিয়ে মেসির জাতীয় দলের ক্যারিয়ারকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছিল। মঙ্গলবারের ম্যাচে সেই আয়োজন হয়ে ওঠে আরও আবেগঘন।
মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা মেসিকে ঘিরে ছিলেন ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী সতীর্থরা। চলতি বছরের জুলাইয়ে বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা দলের অনেক খেলোয়াড়ও ছিলেন তার পাশে।
দর্শকদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান মেসি। একই সময়ে আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে স্টেডিয়ামের আকাশ। মেসির বিদায়ী মুহূর্তে বেনিনের খেলোয়াড়েরাও করতালি দিয়ে তাকে সম্মান জানান।
বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে নিজের ১২৬তম আন্তর্জাতিক গোলও করেন ৩৯ বছর বয়সী মেসি। তার নৈপুণ্যে আর্জেন্টিনা ৩-০ গোলে বেনিনকে হারায়। এ ম্যাচের মাধ্যমে মেসি খেলেন নিজের ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। পাশাপাশি দলের অন্য দুটি গোলেও সহায়তা করেন তিনি।
আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন নিকোলাস ওতামেন্দি। পরে গোলের তালিকায় নাম লেখান নিকো পাজ।
মেসির জাতীয় দলের শেষ রাতের শুরুতেই দশম মিনিটে থেমেছিল খেলা। তবে সেই মুহূর্তে থামেনি কিংবদন্তি ফুটবলারের প্রতি দর্শকদের ভালোবাসা ও আবেগ।