
মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে হাইকোর্ট। স্লিপার বাস পরিচালনার অনুমতি চেয়ে মালিকদের সংগঠনের করা আবেদনও গ্রহণ করেননি আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত স্পষ্ট করে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যে ধরনের যানবাহনকে নির্ধারিত নিয়ম অনুযায়ী চলাচলের অনুমোদন দিয়েছে, কেবল সেসব যানবাহনই মহাসড়কে চলতে পারবে।
শুনানিতে বিআরটিএর পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম আদালতকে জানান, সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও নির্ধারিত স্পেসিফিকেশন উল্লেখ রয়েছে। এসব শর্ত অমান্য করলে তা আইনের ৮০ ও ৮৪ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট আইনে রুট পারমিটের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। বৈধ রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করার সুযোগ নেই।
ফলে বিআরটিএর অনুমোদিত কাঠামো ও প্রয়োজনীয় কাগজপত্রের বাইরে থাকা স্লিপার বাস মহাসড়কে পরিচালনার সুযোগ পাবে না বলে আদালতের আদেশে স্পষ্ট হয়েছে।