জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান। সিজনের ১৫তম চ্যাপ্টারে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে হাজির হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গ অ্যাপে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১৫। আ খ ম হাসানের পাশাপাশি নতুন এই চ্যাপ্টারে ‘কাজী ভাই’ চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু।
সিজনটিতে পুরোনো চরিত্র নেহাল ও আরেফিনের প্রত্যাবর্তনের পাশাপাশি স্পর্শিয়া, সুনেরা ও রাফসানের মতো নতুন মুখও যুক্ত হয়েছেন।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ পরিচালনা ও প্রযোজনা করছেন কাজল আরেফিন অমি। বঙ্গ অ্যাপের পাশাপাশি ধারাবাহিকটি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে।