
বক্স অফিসে মির্জাপুরের দাপট, প্রথম সপ্তাহেই ২০০ কোটির ঘর পার
মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। গ্যাংস্টার ঘরানার এই সিনেমা মাত্র সাত দিনে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। সিনেমাটিতে কালীন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর পাশাপাশি আলি ফজল ও দিব্যেন্দুকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।
সাচনিল্কের সর্বশেষ হিসাব অনুযায়ী, মুক্তির সাত দিনে সিনেমাটির বিশ্বব্যাপী গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ২১২ কোটি ৪৪ লাখ রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে প্রায় ১৭৬ কোটি ৯৪ লাখ রুপি, আর আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় প্রায় ৩৫ কোটি ৫০ লাখ রুপি।
ভারতের বক্স অফিসেও সিনেমাটির পারফরম্যান্স বেশ শক্তিশালী। সপ্তম দিনে ১০ হাজারের বেশি শো থেকে ছবিটি প্রায় ১০ কোটি ৫৫ লাখ রুপি নেট আয় করেছে। এতে ভারতের মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৮ কোটি ৪৫ লাখ রুপি। অর্থাৎ ১৫০ কোটি রুপির মাইলফলক থেকে সিনেমাটি মাত্র ১ কোটি ৫৫ লাখ রুপি দূরে রয়েছে।
মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ভারতীয় বাজারে প্রায় ২৫ কোটি ৭৫ লাখ রুপি আয় করে। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩২ কোটিতে। তৃতীয় দিনে আসে সবচেয়ে বেশি, প্রায় ৩৬ কোটি রুপি। এরপর কর্মদিবসে আয় কিছুটা কমলেও ব্যবসার গতি ধরে রাখে ছবিটি।
চতুর্থ দিনে প্রায় ১৬ কোটি, পঞ্চম দিনে ১৫ কোটি ৬০ লাখ এবং ষষ্ঠ দিনে ১২ কোটি ৫৫ লাখ রুপি নেট আয় করে ‘মির্জাপুর: দ্য মুভি’।
বিদেশের বাজারেও সিনেমাটি দর্শকদের আগ্রহ তৈরি করেছে। মুক্তির প্রথম দিন আন্তর্জাতিক বাজারে আয় ছিল প্রায় ৪ কোটি ২৫ লাখ রুপি। সাত দিন শেষে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ কোটি ৫০ লাখ রুপিতে।
ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর গল্পের আগের সময়ের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন গুরমিত সিং এবং চিত্রনাট্যের সঙ্গে যুক্ত রয়েছেন পুনীত কৃষ্ণা।
সিনেমাটির অন্যতম আকর্ষণ পঙ্কজ ত্রিপাঠীর কালীন ভাইয়া চরিত্র। পাশাপাশি গুড্ডু পণ্ডিত চরিত্রে আলি ফজল এবং মুন্না ভাইয়া চরিত্রে দিব্যেন্দুর উপস্থিতিও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। প্রথম সপ্তাহের আয় দেখে এখন সবার নজর দ্বিতীয় সপ্তাহের ব্যবসার দিকে।