
আরিফিন শুভ ও কেয়া পায়েলকে ঘিরে কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়েছিল বিয়ের গুঞ্জন। একটি ছবিতে কেয়া পায়েলকে আলিঙ্গন করে শুভর সঙ্গে ‘হ্যাপিলি ম্যারিড উইথ কেয়া পায়েল’ ক্যাপশন প্রকাশের পর শুরু হয় নানা আলোচনা। পরে জানা যায়, বাস্তবে নয়—এটি ছিল তাদের নতুন ওয়েব ফিল্মের প্রচারণা।
আজ ৮ অক্টোবর থেকে চরকিতে দেখা যাচ্ছে জাহিদ প্রীতম পরিচালিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। এতে প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল।
বিয়ের পরের জীবনে একটি দম্পতির সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে গল্পে। প্রেমের সময়ের রোমান্টিকতা, একসঙ্গে থাকার বাস্তবতা, ছোট ছোট সন্দেহ, অভিমান ও ভুল বোঝাবুঝির পাশাপাশি ভালোবাসা, যত্ন এবং একে অপরকে বোঝার চেষ্টাও উঠে এসেছে এতে।
গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। আরিফিন শুভর সঙ্গে এটি তার প্রথম কাজ। অন্যদিকে ‘হ্যাপিলি ম্যারিড’ কেয়া পায়েলের প্রথম ওটিটি কাজ।
শুভ-কেয়া ছাড়াও ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তুষার খান, দীপা খন্দকার, ক্রিস্টিয়ানো তন্ময়, উম্মে জামিলাতুন নাঈমা, পারভেজ সুমন ও টুইংক ক্যারল।
ছবিয়ালের প্রযোজনায় নির্মিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সপ্তম সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’।