দুর্নীতির মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। আদালতে ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
আবেদনে বলা হয়, নির্ধারিত সময় পার হওয়ার পরও নির্ধারিত পদ্ধতিতে সম্পদের বিবরণী কমিশনে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ওই সম্পদ নিজের কাছে রাখার অভিযোগও আনা হয়েছে।
এসব অভিযোগে দুদক গত বছরের ৪ জুন তাঁর বিরুদ্ধে মামলা করে। এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।