সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য এমপি জিএম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে থানায় নেওয়া হচ্ছে।
এর আগে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনে এমপি হোস্টেলের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
২০৩ নম্বর ফ্ল্যাটটি সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের। মরদেহ উদ্ধারের পর ভবনের সামনের এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেখানে মানুষের চলাচল সীমিত করা হয়েছে।
ডিসি ইবনে মিজান জানান, ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা কাজ করছেন।
মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত ও ফরেনসিক কার্যক্রমের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।