
অর্থসংকটের কারণে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে গাজার ২০টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল সরবরাহ বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ এ তথ্য জানিয়েছেন।
তিনি সতর্ক করে বলেন, জ্বালানি সরবরাহ বন্ধ হলে হাসপাতালের জেনারেটর, অস্ত্রোপচারকক্ষ ও আইসিইউ কার্যক্রম ব্যাহত হতে পারে। একই সঙ্গে ভেন্টিলেটর, অক্সিজেন সরবরাহ, নবজাতকের ইনকিউবেটর ও ডায়ালাইসিস সেবাও ঝুঁকিতে পড়বে।
জ্বালানি সংকটে অ্যাম্বুলেন্স চলাচল এবং ওষুধ ও টিকা সংরক্ষণের কোল্ড চেইন ব্যবস্থাও অচল হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত পদক্ষেপ নিতে ডব্লিউএইচও, দাতা সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আল-বুরশ।
তবে এ বিষয়ে ডব্লিউএইচওর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।