এআই প্রযুক্তি ব্যবহার করে ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামে একটি অডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। তার দাবি, তার কনসার্টের ভিডিও ফুটেজের সঙ্গে এআই-সংশ্লেষিত কণ্ঠ যুক্ত করে গানটি তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) তাসরিফ খান জানান, তার অনুমতি বা সম্পৃক্ততা ছাড়াই তৈরি অডিও-ভিজ্যুয়ালটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তার ভাষ্য, তাকে হয়রানি ও বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এটি তৈরি করা হয়েছে। এ ঘটনায় তিনি আজ বা আগামীকাল সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন।
ভাইরাল হওয়া গানটি এআই দিয়ে তৈরি বলে প্রায় নিশ্চিত তাসরিফ। তিনি বলেন, ‘আমি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত যে গানটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি কারও প্রকৃত কম্পোজিশন হতে পারে না।’
তাসরিফের অভিযোগ, তার কনসার্টের ভিডিও ফুটেজ ব্যবহার করে এআইয়ের মাধ্যমে গানটি তৈরি করা হয়েছে। এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে বলে মনে করছেন তিনি।
তার দাবি, ভিডিওটিতে সরকারকে নিয়ে মানহানিকর মন্তব্যের সঙ্গে তার ছবি ও কনসার্টের ফুটেজ ব্যবহার করা হয়েছে। এতে একদিকে সরকারকে হেয় করার চেষ্টা এবং অন্যদিকে তাকে বিতর্কের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে বলে মনে করেন তিনি।
তাসরিফ জানান, প্রথমদিকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজে ভিডিওটি পুনরায় আপলোড করা হয়। ফলে প্রচলিত কনটেন্ট রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে ভিডিওটির বিস্তার ঠেকানো কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় ভিডিওটির প্রচার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তাসরিফ। এ কারণে জিডি করার পাশাপাশি বিষয়টি আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।