ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত ৯ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। শনিবারের এসব হামলায় আবাসিক ভবন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ভোর থেকে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৫০০টি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। তার অভিযোগ, সামনের যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে রাশিয়া এখন ইউক্রেনের অর্থনীতি ও অবকাঠামোকে লক্ষ্য করছে।
ক্রামাতোরস্কে পৃথক হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। জভিয়াখেল শহরে একটি দোকানে হামলায় নিহত হয়েছেন দুজন। জাপোরিঝঝিয়ায় দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। ক্রিভি রিহেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ওদেসায় রাতভর চলা হামলায় প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। রাশিয়ার বিভিন্ন এলাকাতেও ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সামারা অঞ্চলের তোগলিয়াত্তিতে একটি শিল্প স্থাপনায় আগুন লাগার কথা জানানো হয়েছে।
এ ছাড়া ইউক্রেনের সীমান্তবর্তী মলদোভায় একটি ড্রোন শনাক্ত হওয়ার পর প্রায় এক ঘণ্টা আকাশসীমা বন্ধ রাখা হয় এবং কয়েকটি সীমান্ত পারাপার সাময়িকভাবে বন্ধ করা হয়।
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের সামরিক, শিল্প ও জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি করেছে। তবে এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।