
সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা।
শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পাশাপাশি এসব হামলা নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
বাংলাদেশ সরকার সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলা চালানো হয়। এতে তিন সৌদি নাগরিক নিহত হন। এ ছাড়া বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক আহত হন।
কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে কয়েকজনের আঘাত সামান্য হলেও কারও কারও অবস্থা গুরুতর। হামলার পর তাঁদের হাসপাতালে নেওয়া হয়।