
দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম।
রোববার (৪ অক্টোবর) রাতে পৃথক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান তারা। দুজনই জানান, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
প্রীতম জানান, একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তিনি কৃতজ্ঞ। পাশাপাশি শেহতাজের প্রতি তার সম্মান ও শুভকামনা সবসময় থাকবে। সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
শেহতাজও প্রায় একই বক্তব্য দিয়েছেন। দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রীতমের প্রতি সম্মান ও শুভকামনা থাকার কথা জানিয়েছেন তিনি।
এদিকে, জীবনের এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। প্রায় চার বছরের দাম্পত্য জীবনের পর এবার বিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়েছেন তারা।