
পুরোনো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। নির্দিষ্ট কিছু পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে এখন থেকে আর মেসেজিং অ্যাপটি ব্যবহার করা যাবে না।
হোয়াটসঅ্যাপের পূর্বঘোষণা অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও ৫.১ সংস্করণে চলা ডিভাইসগুলোর জন্য অ্যাপটির সাপোর্ট বন্ধ হয়েছে। ফলে এসব সংস্করণে থাকা যেসব ফোন নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেট করার সুযোগ পাবে না, সেগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হয়ে যাবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য প্রয়োজন অ্যান্ড্রয়েড ৬.০ (মার্শম্যালো) বা এর পরবর্তী সংস্করণ। তাই ফোনের অপারেটিং সিস্টেম যদি অ্যান্ড্রয়েড ৫.০ কিংবা ৫.১-এ সীমাবদ্ধ থাকে এবং সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেটিকে ৬.০ বা তার পরের সংস্করণে নেওয়া সম্ভব না হয়, তাহলে ওই ডিভাইসে হোয়াটসঅ্যাপ আর সচল থাকবে না।
পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে সাপোর্ট বন্ধের সিদ্ধান্তের কথা হোয়াটসঅ্যাপ চলতি বছরের এপ্রিলেই জানিয়েছিল। সাধারণত দীর্ঘদিন ধরে সফটওয়্যার আপডেট না পাওয়া পুরোনো স্মার্টফোনগুলোই এ পরিবর্তনের আওতায় পড়বে।
ব্যবহারকারীরা তাদের ফোনের Settings > About Phone অথবা Software Update অপশনে গিয়ে অ্যান্ড্রয়েডের বর্তমান সংস্করণ পরীক্ষা করতে পারেন। আপডেটের সুযোগ থাকলে নতুন সংস্করণে আপগ্রেড করে আবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হতে পারে।