
মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চল পেনাংয়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ এবং দেশটিতে মালয়েশীয় বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে পেনাংয়ের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।
৭ ও ৮ সেপ্টেম্বর পেনাং সফরকালে মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প চেম্বার (এমআইসিসিআই) পেনাং শাখার সভাপতি দাতো ব্রায়ান তান গুয়ান হুইসহ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে পৃথক আলোচনা করেন তিনি। পাশাপাশি মালয়েশিয়ান ফেডারেশন অব ম্যানুফ্যাকচারার্সের (এফএমএম) পেনাং শাখার সভাপতি দাতো সেরি লি তেওং লি ও সংগঠনটির সদস্যদের সঙ্গেও বৈঠক হয়।
বৈঠকগুলোতে বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য মালয়েশিয়ার বাজারে নতুন সম্ভাবনা তৈরি, দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিধি বাড়ানো এবং বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ হাইকমিশন পেনাংকে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি সম্ভাবনাময় অঞ্চল হিসেবে বিবেচনা করছে। এ অঞ্চলের শিল্প ও উৎপাদন খাতের উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
পেনাং মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ও শিল্পাঞ্চল। প্রযুক্তি, ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও উৎপাদনশিল্পে অঞ্চলটির উল্লেখযোগ্য অবস্থান রয়েছে। বিশ্বের বিভিন্ন বড় বহুজাতিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানও সেখানে কার্যক্রম পরিচালনা করছে।
ফলে পেনাংয়ের ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের উদ্যোক্তাদের যোগাযোগ আরও শক্তিশালী হলে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়ার পাশাপাশি মালয়েশিয়ার বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।