
শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। ‘শুভ শক্তির জয় হোক’ বার্তাসহ প্রকাশিত তার ৫১ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে তার ব্যতিক্রমী সাজ ও উপস্থিতি দেখে অনুরাগীদের অনেকে প্রশংসা করেছেন। কেউ মুগ্ধতা প্রকাশ করেছেন, আবার কেউ তার হাসির কথা উল্লেখ করেছেন।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিকৃত ভিডিও প্রকাশের অভিযোগ ঘিরে ক্ষোভ প্রকাশ করেছিলেন পরীমনি। সেই বিতর্কের মধ্যেই দেবীরূপে তার নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।