
আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে দুটি সম্মাননা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ পুরস্কার অর্জন করেছে।
গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত অ্যালায়েন্স ফর ফাইন্যানশিয়াল ইনক্লুশন (এএফআই) গ্লোবাল পলিসি ফোরাম-২০২৬-এ বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এএফআইয়ের মায়া ডিক্লারেশন কমিটমেন্টের আওতায় আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) প্রতিবছর বিভিন্ন স্বনির্ধারিত লক্ষ্য নির্ধারণ করে।
নির্ধারিত এসব লক্ষ্যের উল্লেখযোগ্য অংশ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালেও একই পুরস্কার পেয়েছিল কেন্দ্রীয় ব্যাংকটি।
এদিকে নারীদের আর্থিক সেবার আওতায় আনার ক্ষেত্রেও বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি মিলেছে। জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স এবং এএফআইয়ের ডেনারাউ অ্যাকশন প্ল্যানের লক্ষ্য বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও বিভিন্ন উদ্ভাবনী পদক্ষেপের জন্য বাংলাদেশ ব্যাংককে ‘জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে সম্মানিত করা হয়েছে।
এএফআই আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। বর্তমানে ৮২টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসহ মোট ৮৯টি প্রতিষ্ঠান এ সংগঠনের সদস্য।