ইরানের রাজধানী তেহরানের কাছে একটি কথিত সন্ত্রাসী গোষ্ঠীর ছয় সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানের ভাষ্য, ওই গোষ্ঠী একটি অভিযান চালানোর পরিকল্পনা করছিল।
বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরান প্রদেশের রাজধানী থেকে প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাঞ্জিলাবাদ এলাকায় অভিযান চালায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যরা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এলাকাটিতে নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।
তবে নিহতদের পরিচয়, তারা কোন গোষ্ঠীর সদস্য এবং কী ধরনের হামলার পরিকল্পনা করছিল—এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ইরান দীর্ঘদিন ধরে দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। তেহরানের দাবি, দেশ দুটি ইরানের বিরোধী বিভিন্ন গোষ্ঠীকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে।
তবে সর্বশেষ অভিযানে নিহতদের সঙ্গে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সরাসরি কোনো সম্পর্কের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমের বাইরে ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্যও জানা যায়নি।