
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে দেশটির সশস্ত্র বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন। তাঁদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।
সোমবার (১৯ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে আলবার্টার ব্যস্ত প্রশিক্ষণকেন্দ্র ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে’ আগুন লাগে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘটনাকে শান্তিকালীন সময়ে দেশের মাটিতে সশস্ত্র বাহিনীর জন্য অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন। নিহত সেনাদের স্মরণ করে তিনি বলেন, তাঁদের হারানোর শোকে পুরো জাতি মর্মাহত।
নিহত চার সেনা হলেন সার্জেন্ট মরগান অং, প্রাইভেট শন ফারেল, প্রাইভেট আইদান গোল্ডিং ও প্রাইভেট হেইডেন লাইকমার্ক।
যেভাবে আগুনের সূত্রপাত
প্রতিবেদন অনুযায়ী, ঘাঁটির পদাতিক বাহিনীর সদস্যরা একটি গ্রেনেড ও অ্যাটাক রেঞ্জে সরাসরি গোলাবারুদ ব্যবহার করে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিলেন। এ সময় আনুমানিক এক কিলোমিটার দূরে ঘাসে আগুনের সূত্রপাত হয়। পরে তীব্র বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে প্রশিক্ষণ ও প্রশাসনিক এলাকার দিকে চলে যায়।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ঘটনাটি কোনো সন্ত্রাসী হামলা কিংবা তেল-গ্যাস অবকাঠামোগত ত্রুটির কারণে ঘটেনি।
আহতদের চিকিৎসায় জরুরি ব্যবস্থা
আহত সেনাদের উদ্ধারে স্থানীয় স্বাস্থ্য বিভাগ অন্তত ৩০টি অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্স পাঠায়। ওয়েনরাইট ও এডমন্টনের বিভিন্ন হাসপাতালে দগ্ধ ও আহত সেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন যেন পুনরায় ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে উদ্ধারকারী ও অগ্নিনির্বাপক দল কাজ করছে।
এডমন্টন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়েনরাইট ঘাঁটিটি কানাডা ও তার মিত্র দেশগুলোর সরাসরি গোলাবারুদ ব্যবহার করে সামরিক প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র।