
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন আজ সোমবার (১৯ অক্টোবর)। দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
সম্প্রতি অস্ত্র হাতে একটি বিতর্কিত মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই তাঁর পদত্যাগের সিদ্ধান্তের খবর সামনে আসে।
ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
এ সময় সমালোচকদের উদ্দেশে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে সমালোচকেরা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে যোগ দেন।
পদত্যাগের সিদ্ধান্তের কথা জানালেও মাদকের বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইশরাক। তিনি বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন।
পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
পোস্টের শেষাংশে মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’